banglahour

মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্ত কলাগাছ কেটে সাবাড়, ৩ লাখ টাকার ক্ষতির অভিযোগ

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(১ দিন আগে) ১২ আগস্ট ২০২৬, বুধবার, ১২:১৮ পূর্বাহ্ন


নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে ৪ শতাধিক ফলন্ত কলাগাছ কেটে সাবাড় করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুল জলিলের অভিযোগ, শরিকান জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, মজিদুল ইসলাম ও শাহজাহান আলীর সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এ নিয়ে নওগাঁ আদালতে মামলাও চলমান রয়েছে।

আব্দুল জলিল বলেন, ওই বিরোধের জেরে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অ*/স্ত্র নিয়ে তাদের দেড় বিঘা জমিতে থাকা ফলন্ত কলাগাছ কেটে ফেলেন। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কলাগাছ কাটতে বাধা দিতে গেলে সংঘবদ্ধ লোকজন অস্ত্রের মুখে তাদের ধাওয়া দেয়। এ সময় তারা বাড়ির ভেতরে আশ্রয় নিয়ে নিজেদের রক্ষা করেন। পরে প্রতিপক্ষের লোকজন বাড়ির সদর দরজায় ছিটকিনি লাগিয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন। একই সময় তার ছোট ভাই ইসমাইল হোসেনের বসতবাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আব্দুল জলিল।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল