
(১ ঘন্টা আগে) ১২ আগস্ট ২০২৬, বুধবার, ৪:০২ অপরাহ্ন
সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় নিজ বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও তাদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—ব্যবসায়ী আব্দুস সত্তার মিয়া (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৫) এবং তাদের ২৫ বছর বয়সী গৃহপরিচারিকা।
পুলিশ ও স্বজনরা জানান, নিহত দম্পতির চার সন্তানের মধ্যে দুজন লন্ডন ও দুজন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তারা রায়নগরের নিজ বাসায় গৃহপরিচারিকাকে নিয়ে থাকতেন। আব্দুস সত্তার মিয়া চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন।
নিহতদের স্বজন মুন্না মিয়া জানান, বুধবার সকাল ৯টার দিকেও পরিবারের সদস্যদের সঙ্গে তাদের কথা হয়েছে। এরপর কোনো একসময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মো. মঈনুল জাকির জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।