
(৬ ঘন্টা আগে) ১২ আগস্ট ২০২৬, বুধবার, ৯:১৫ অপরাহ্ন
ভৈরবে নানা আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা যুব বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে হাজী মার্কেটের সামনে থেকে একটি যুব র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব বিভাগের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোঃ কামরুল ইসলাম, সাবেক আমীর মাওলানা মোঃ কবির হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মতিন, উপজেলা সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ শাহ আলম, পৌর মেয়র প্রার্থী মাওলানা কাজী আব্দুর রউফ।
এ সময় বক্তারা বলেন,বাংলাদেশসহ পৃথিবীর যুব সমাজকে সময়ে সময়ে মাদক, অস্ত্র তুলে দিয়ে তাদের কে ধ্বংস করে ফেলেছে । যুবকদের রক্ষা করতে হলে তাদের কে কাজ দিতে হবে। সুস্থ সাংস্কৃতিক ধারায় ফিরিয়ে আনতে হবে। তা না হলে দেশের যুব সমাজ ধব্বংস হয়ে যাবে। তাই যুব সমাজ কে রক্ষায় তাদের হাতে কাজ তুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা । ভৈরবে জামায়াতে ইসলামির যুব দিবস পালিত। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব বিভাগের ইঞ্জিনিয়ার ওমর ফারুক ।