
(৫ ঘন্টা আগে) ১২ আগস্ট ২০২৬, বুধবার, ১০:০৩ অপরাহ্ন
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বুধবার (১২ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ-কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পারস্পরিক সমৃদ্ধি অর্জনে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচ দশকেরও বেশি সময়ের কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়। কানাডা বাংলাদেশের উন্নয়নে এ পর্যন্ত ৬.৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা দিয়েছে। এছাড়া ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সহায়তা প্রদান করেছে দেশটি।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এ ধারা আরও এগিয়ে নিতে কৃষি, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি), বেসামরিক বিমান চলাচল, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে জালিয়াতি ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে যৌথ উদ্যোগ গ্রহণ এবং বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
এ সময় হাইকমিশনার অজিত সিং জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। তিনি ড. রহমানের নেতৃত্বে জাতিসংঘ সংস্কারসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকটি বাংলাদেশ ও কানাডার মধ্যে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।