banglahour

কানাডা-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।


বুধবার অনুষ্ঠিত উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচ দশকেরও বেশি সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক সমৃদ্ধি অর্জনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উল্লেখ করা হয়, বাংলাদেশের উন্নয়নে কানাডা এ পর্যন্ত ৬.৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি উন্নয়ন সহায়তা প্রদান করেছে। এছাড়া ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে দেশটি।
বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে উল্লেখ করে উভয় পক্ষ কৃষি, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি), বেসামরিক বিমান চলাচল, নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।


এছাড়া জালিয়াতি ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সহযোগিতা জোরদার করা, বৈধ অভিবাসনের সুযোগ বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার বিষয়েও মতবিনিময় হয়।


বৈঠকে হাইকমিশনার অজিত সিং জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পুনরায় অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর নেতৃত্বে জাতিসংঘ সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং বৈশ্বিক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধিতে কানাডা ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন।


দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে কানাডা-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল