banglahour

বদলগাছীতে ১০ বোতল এসকাফ ফেন্সিড্রিলসহ মাদক কারবারি আব্দুল মালেকসহ ৩ জন গ্রেপ্তার

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার, ১১:৩২ অপরাহ্ন

বদলগাছীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১০ বোতল এসকাফ ফেন্সিড্রিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ১১ হাজার ১২০ টাকা জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার পিন্ডিরা গ্রামে সিয়ামের ভাই-বোন ট্রেডার্সের একটি দোকানে অভিযান চালিয়ে মাদক উদ্ধার শুরু হয়। পরে ধারাবাহিক অভিযানে আরও দুটি স্থানে তল্লাশি চালিয়ে মোট ১০ বোতল এসকাফ ফেন্সিড্রিল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁর একটি দল বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পিন্ডিরা গ্রামের ওই দোকানে আব্দুল মালেক মিল্টন (৪০) ও আল আমিন (৩৩)কে পাওয়া যায়। পরে উপস্থিত লোকজনের সামনে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। একপর্যায়ে আল আমিনের হেফাজত থেকে দুই বোতল এসকাফ ফেন্সিড্রিল উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আল আমিন জানায়, উদ্ধার হওয়া মাদকগুলো দোকানের মালিক আব্দুল মালেক মিল্টনের। তার আরও মাদক শরিফুলের কাছে রাখা আছে। এ তথ্যের ভিত্তিতে জিয়ল গ্রামের শরিফুলের (৩৮) ফ্লেক্সিলোডের দোকানে অভিযান চালানো হয়। সেখানে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে আরও তিন বোতল এসকাফ ফেন্সিড্রিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে শরিফুলও মাদকগুলো আব্দুল মালেকের বলে জানায়। তার দাবি, আব্দুল মালেকের দেওয়া মাদক তিনি নিজের দোকানে রেখে দিতেন এবং ক্রেতা এলে বিক্রি করে টাকা আব্দুল মালেককে দিয়ে দিতেন। শরিফুল আরও জানায়, আব্দুল মালেকের বাড়িতেও মাদক রাখা রয়েছে।

পরে আব্দুল মালেকের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির পেছনে গর্তের ভেতর প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা আরও পাঁচ বোতল এসকাফ ফেন্সিড্রিল উদ্ধার করা হয়। একই অভিযানে আল আমিনের কাছ থেকে মাদক বিক্রির ১১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বদলগাছী উপজেলার পিন্ডিরা গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুল মালেক মিল্টন (৪০), জগন্নাথপুর গ্রামের নুরুল সর্দারের ছেলে আল আমিন (৩৩) এবং জিয়ল গ্রামের কসিমুদ্দিনের ছেলে শরিফুল (৩৮)।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আব্দুল মালেক দীর্ঘদিন ধরে সীমান্তপথে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে সেগুলো বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল