banglahour

আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ সপ্তাহ আগে) ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ১২:১৯ পূর্বাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে ২ দশমিক ৯০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৪৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫ টায় চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে আলাতুলি এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আলাতুলি এলাকায় পদ্মা নদীর ২ দশমিক ৯০ কিলোমিটার অংশে নদীতীর সংরক্ষণ কাজ করা হবে। দীর্ঘদিনের নদীভাঙনে এ এলাকার বসতবাড়ি, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভাঙন রোধের পাশাপাশি স্থানীয় মানুষের জানমাল, বসতবাড়ি ও কৃষিজমি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি প্রকল্পের নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে এবং নির্মাণকাজে সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। পদ্মার ভাঙন থেকে আলাতুলি এলাকার মানুষ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় এ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না।

তিনি আরও বলেন, নদীভাঙন রোধে প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে দ্রুত এর সুফল স্থানীয় মানুষ পেতে পারেন।

পদ্মা নদীর ভাঙন স্থায়ীভাবে রোধে একটি টেকসই বাঁধ নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান নূরুল ইসলাম বুলবুল। এ বিষয়ে তিনি নিজেও উদ্যোগ ও প্রচেষ্টা চালানোর কথা জানান।

এ সময় চর ও দিয়াড় এলাকার অবহেলিত সাত ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ও উন্নয়ন-প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে নতুন উপজেলা গঠনের বিষয়ে কাজ করার আশ্বাস দেন সংসদ সদস্য।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল