banglahour

ক্রিসেন্ট জুট মিল চালুর দাবিতে শ্রমিকদের প্রতিবাদ ও গেটসভা, প্রকল্প প্রধানের অপসারণ দাবি

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ সপ্তাহ আগে) ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ১২:২১ পূর্বাহ্ন

খুলনার খালিশপুরে অবস্থিত ক্রিসেন্ট জুট মিলকে ফিড কারখানায় রূপান্তর না করে পাটকল হিসেবে চালু রাখার এবং মিলের মহাব্যবস্থাপক (প্রকল্প প্রধান) কামরুল ইসলামের অপসারণের দাবিতে শ্রমিক নেতারা প্রতিবাদ ও গেটসভা করেছেন।
শনিবার বিকেল সাড়ে ৫টায় ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকের সামনে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ ও নন-সিবিএ শ্রমিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিলের বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।


সমাবেশে বক্তারা বলেন, ক্রিসেন্ট জুট মিলে মুরগির ফিড কারখানা স্থাপনের কার্যক্রম বাতিল করে অন্তত একটি ইউনিটে পাটজাত পণ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে। তারা দাবি করেন, পাটশিল্পের ঐতিহ্য রক্ষা এবং শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে মিলটি পাটকল হিসেবেই পরিচালনা করা প্রয়োজন।
শ্রমিক নেতারা আরও অভিযোগ করেন, অনিয়ম ও দুর্নীতির দায়ে ক্রিসেন্ট জুট মিলের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই তাকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান তারা। দাবি আদায় না হলে কোনোভাবেই লিজগ্রহীতাকে ফিড কারখানার কার্যক্রম চালু করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।


প্রতিবাদ ও গেটসভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা আবু দাউদ দ্বীনমোহাম্মদ। অনুষ্ঠানে বক্তব্য দেন খালিশপুর থানা বিএনপি নেতা বিপ্লবুর রহমান কুদ্দুস, সাবেক কাউন্সিলর ফারুক হোসেন হিল্টন, সৈয়দ হুমায়ুন কবির, শ্রমিক নেতা মো. ওমর ফারুক, মো. জাহাঙ্গীর হোসেন, মো. রেজাউল ইসলাম, মো. ইউসুফ শিকদার, মনির হোসেন, মো. ফরিদ, মো. আব্দুর রাজ্জাক তালুকদার, মো. সাইদুল ইসলাম ও মো. সেলিম।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল