banglahour

আজ রূপালি গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু'র জন্মদিন

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(১৩ ঘন্টা আগে) ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ২:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:০২ অপরাহ্ন

বাংলা ব্যান্ড সংগীতের এক কিংবদন্তি নাম আইয়ুব বাচ্চু। যাদের হাত ধরে দেশীয় ব্যান্ড সংগীত দাঁড়িয়েছে, তাদের অন্যতম একজন ছিলেন তিনি। আশির দশক থেকে শুরু করে গানে, সুরে ও কথায় বাঙালি হৃদয় জয় করে গেছেন তিনি। তিনি বিখ্যাত রক ব্যান্ড এলআরবি (LRB)-এর প্রতিষ্ঠাতা ও ভোকাল ছিলেন।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম নেন আইয়ুব বাচ্চু। ২০১৮ সালের ১৮ অক্টোবর তাঁর মৃত্যু না হলে আজকের এই দিনে ৬৪ বছরে পা দিতেন বাংলার এই রকস্টার।

ফেরারি মন, চলো বদলে যাই, এখন অনেক রাত, আমি বারো মাস তোমায় ভালোবাসি, কষ্ট পেতে ভালোবাসি এবং রূপালী গিটারসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আইয়ুব বাচ্চু। তারকা খ্যাতির তুঙ্গে অবস্থান করলেও তিনি ছিলেন সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে। তারকা নয়, ‘ভালো মানুষ’ হয়েই তিনি বাঁচতে চেয়েছেন জীবনভর। তার চাওয়াটাই যেন পূর্ণতা পেল।

একজন ভালো মানুষ হয়েই আচমকা সবার কাছ থেকে বিদায় নিলেন উপ মহাদেশের প্রখ্যাত গিটারিস্ট আইয়ুব বাচ্চু। তার অকাল মৃত্যুতে শুধু সুরের জগত নয়, কেঁদে উঠেছে আপামর জনতা। আইয়ুব বাচ্চু শুধু মিউজিশিয়ান ছিলেন না, তিনি ছিলেন একজন গিটারের ম্যাজিশিয়ান। গিটার হাতে তিনি সুরের জাদু ছড়াতেন।

আইয়ুব বাচ্চু আজ না থাকলেও তার রেখে যাওয়া হাজারো ভক্ত অনুরাগীরা তাঁকে স্মরণ শ্রদ্ধার সাথে করছেন।

মুত্যুর আট বছর পরও গান ও সুরের জাদুতে শ্রোতাদের মাঝে আজও অমলিন আইয়ুব বাচ্চু। রবিবার (১৬ আগস্ট) তার জন্মবার্ষিকী উপলক্ষে প্রয়াত এই কিংবদন্তির ২০টি কালজয়ী গান নতুন সংগীতায়োজনে প্রকাশ পাচ্ছে ।

‘উত্তরাধিকার’ নামে বিশেষ অ্যালবামে দেশের ৮টি উদীয়মান ব্যান্ড ও ১২ জন একক শিল্পী এই গানগুলো গেয়েছেন। অ্যালবামটি সিডির পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ হবে বলে জানা গেছে।

ইকবাল আসিফ জুয়েলের মাস্টারিংয়ে তৈরি অ্যালবামে থাকছে ‘চলো বদলে যাই’, ‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘গতকাল রাতে’, ‘চাঁদ মামা’, ‘অচেনা জীবন’, ‘মাধবী’, ‘বাংলাদেশ’সহ আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান।

তবে ‘উত্তরাধিকার’ শুধু আইয়ুব বাচ্চুকে স্মরণ আয়োজন নয়। অ্যালবাম বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ ব্যয় করা হবে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ নির্মাণের তহবিলে।

কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চু'র জন্মদিনে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইলো বিনম্র শ্রদ্ধা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল