banglahour

রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ২:১৮ অপরাহ্ন

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৬ আগস্ট) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে রাঙ্গামাটি-২ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
মৎস্যসম্পদের সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে জনপ্রতিনিধি, জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, জেলে, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ এবং রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান এমপি বলেন, “কাপ্তাই হ্রদ শুধু মৎস্য ভান্ডার নয়, এটি পাহাড়ের মানুষের জীবন-জীবিকারও অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। এ হ্রদের মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”


তিনি বলেন, মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য অবৈধভাবে মাছ আহরণ বন্ধের পাশাপাশি হ্রদের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ জরুরি। কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে জেলেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি রাঙ্গামাটির অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।
এমপি দীপেন দেওয়ান আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যচাষিদের দক্ষতা বৃদ্ধি করা গেলে মৎস্য উৎপাদন বাড়বে এবং দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে এ খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদ রক্ষায় পরিকল্পিত ও টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল