
(২ মাস আগে) ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ৮:০৭ অপরাহ্ন
হারিয়ে যাওয়া সংস্কৃতি, ঐতিহ্য, গল্প, গান ও কবিতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। রবিবার সকাল ১১টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভা তিনি এ আহবান জানান। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দীর্ঘ দিন ধরে দেশের মানুষ অপসংস্কৃতির প্রভাবে ছিল। এখন সবাইকে সুস্থ ও সমৃদ্ধ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনতে হবে।
সভায় প্রধানমন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর পক্ষ থেকে খুলনার জিরোপয়েন্টকে ‘নজরুল চত্বর’ হিসেবে ঘোষণা করা হয়। একই সাথে নগরীর ময়লাপোতাকে ‘কাজী নজরুল ইসলাম এভিনিউ’ নামকরন করার উদ্যোগ নিতে কেসিসি প্রশাসককে দায়িত্ব দেয়া হয়।
খুলনা -১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা ওয়াশার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি সহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।