banglahour

রাবিপ্রবি’তে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগে মাস্টার্স প্রোগ্রাম উদ্বোধন

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ মাস আগে) ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ১১:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২৫ অপরাহ্ন


রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি (এফএমআরটি) বিভাগে মাস্টার্স (স্নাতকোত্তর) কোর্সের উদ্বোধন ও প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার মোঃ ফয়েজ আল করিম ও রাবিপ্রবি'র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান চৌধুরী। 
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, এফএমআরটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। এরপর সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন মাস্টার্স কোর্স কারিকুলাম বিস্তারিতভাবে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। তিনি কারিকুলামের অবজেকটিভস, ক্রেডিট ডিস্ট্রিবিউশনসহ (কোর কোর্সেস, টেকনিক্যাল কোর্সেস, রিসার্চ) ল্যাব সুবিধা ও দেশ-বিদেশের এ সংক্রান্ত ইনস্টিটিউট ও সংস্থার সাথে কোলাবরেশন বিষয়ে বিস্তারিত আলোচনা ও তথ্য প্রদান করেন। ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয় মাস্টার্স প্রথম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করেন।
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর এ মাস্টার্স কোর্স চালু করার জন্য বিভাগের শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, আজকের দিনটি ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন এবং এই বিভাগটি আজ পথ চলায় নতুন এক অধ্যায় সূচনা করলো। এ বিভাগের কোর্স ডিজাইন ও কোর্স কনটেন্ট দেখে ভাইস-চ্যান্সেলর সন্তোষ প্রকাশ করেন। এ কোর্স যুগোপযোগী ও হ্রদ-কেন্দ্রিক মৎস্য গবেষণা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন। তিনি, উন্নত বিশ্বের ও দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমাদের শিক্ষার্থীরা যেন প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সে অনুযায়ী পাঠ ও গবেষণায় দক্ষতা অর্জন করতে পারে এ বিষয়ে সম্মানিত শিক্ষকদের দৃষ্টি আর্কষণ করেন। হ্রদ কেন্দ্রিক অনেক বিষয় এখনো আনএক্সপ্লোর আছে তা এক্সপ্লোর করতে শিক্ষার্থীরা যেমন সক্ষম হয়ে উঠবে, তেমনি এ কোর্সের অধ্যয়ন ও গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন। মানবসৃষ্ট দূষণ কী ভাবে পরিহার করা যায় এবং জনস্বাস্থ্য কী ভাবে উন্নয়ন করার যায় সে-বিষয়ে বিশেষত হ্রদ-ম্যানেজমেন্ট, ইকো সিস্টেমের উপর গুরুত্বারোপ করেন। তিনি ভর্তিকৃত মাস্টার্স প্রথম ব্যাচের শিক্ষার্থীদের অভিনন্দন জানান ও দেশের সমৃদ্ধিতে  আত্মনিয়োগের আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, বাংলাদেশের আভ্যন্তরীণ বদ্ধ জলাসয়সমূহের মধ্যে কাপ্তাই হ্রদ সর্ববৃহৎ। এ হ্রদে ৮৬ প্রজাতির মাছের মধ্যে ৭১ প্রজাতি দেশীয়, যা গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমুদ্র ব্যবস্থাপনা থাকলেও হ্রদ ম্যানেজমেন্ট পলিসি নেই বললেই চলে, অথচ এ লেক দেশের জনস্বাস্থ্যের উন্নয়ন ও পুষ্টি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাছাড়া দেশীয় যে প্রজাতিগুলো বিলুপ্ত বা বিপন্ন তা পুনরুজীবিত করা যায় কিনা সে বিষয়ে মনোযোগ দেয়া প্রয়োজন বলে সকলের দৃষ্টি আর্কষণ করেন। আজকে যে কোর্স উদ্বোধন ও শিক্ষা কার্যক্রম চালু করা হলো তা এ ক্ষেত্রকে সমৃদ্ধ করবে তাতে কোনো সন্দেহ নেই। অত্র অঞ্চলের সেন্টার অব এক্সিলেন্স হিসেবে রাবিপ্রবি কাজ করবে এমন আশা ব্যক্ত করেন। তিনি মাস্টার্সের শিক্ষার্থীদেরকে এসডিজি এর আলোকে কাপ্তাই হ্রদ-কেন্দ্রিক ইকোলজিক্যাল, সোশ্যাল ও ইকোনমিক্যাল বিষয়াদি সমন্বয় করে গবেষণা করার উপর গুরুত্বারোপ করেন। কাপ্তাই হ্রদের উপর জিআইএস সংক্রান্ত গবেষণা হওয়া দরকার বলে মন্তব্য করেন। শিক্ষার্থীদের সকল ভালো কাজের মূল্যায়ন যেন যথাযথ হয় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থী সকলকে জ্ঞান-সৃজনে কাজ করার আহবান জানান। তিনি গবেষণার বিষয়ে বিএফডিসি’র সহযোগিতা প্রত্যাশা করেন এবং শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিল বৃদ্ধির জন্য দ্রুত ভাষা-কোর্স চালু করার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার মোঃ ফয়েজ আল করিম বলেন, কাপ্তাই লেকের প্রধান অংশীজন বিএফডিসি: এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য কৃত্রিম উপায়ে তৈরি করা হলেও এটি এখন মৎস্য তথা পুষ্টির একটি বিশেষ হাব-এ পরিণত হয়েছে। এতদসংক্রান্ত গবেষণা এ কোর্সের মাধ্যমে চালু হবে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং প্রয়োজনে রাবিপ্রবি-কে গবেষণার ক্ষেত্রে যথাসম্ভব প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি এ কোর্সের শিক্ষার্থীদের অভিনন্দন জানান ও সফলতা কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান চৌধুরী অনুষ্ঠানটি সফল করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।  
বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি বিভাগের অনার্স প্রথম ব্যাচ থেকে স্নাতক (সম্মান) সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন শিক্ষার্থী মাস্টার্স প্রথম ব্যাচে ভর্তি হয়েছেন। মাস্টার্স প্রথম ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোলাম রসূল সোহাগ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফএমআরটি বিভাগের শিক্ষার্থী মায়মূনা মুসাররাত তাসফিয়া। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে এফএমআরটি বিভাগের সকল শিক্ষক ও অন্যান্য ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল