
(২ মাস আগে) ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ১১:২৯ অপরাহ্ন
রবিবার ( ১৬ আগস্ট) বান্দরবান সদর জোনের আওতাধীন বেতছড়া আর্মি ক্যাম্প কর্তৃক নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে কদমপ্রু পাড়ায় যাওয়ার ইটের সলিং রাস্তার উপর অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ সেগুন কাঠ শনাক্ত করা হয়।
পরবর্তীতে বিষয়টি বন বিভাগকে অবহিত করা হলে বেতছড়া রেঞ্জ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হন। বেতছড়া আর্মি ক্যাম্পের টহলদলের উপস্থিতিতে জব্দকৃত কাঠের পরিমাপ ও বৈধতা যাচাই করা হয়।
পরিমাপ শেষে মোট ৩১৫ টুকরা সেগুন কাঠ পাওয়া যায়। কাঠের বৈধ কাগজপত্র না থাকায় তা অবৈধ হিসেবে জব্দ করা হয়।
জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৮,৭৩,২৮৫/- (আট লক্ষ তিয়াত্তর হাজার দুইশত পঁচাশি) টাকা।
পরবর্তীতে জব্দকৃত ৩১৫ টুকরা সেগুন কাঠ বেতছড়া রেঞ্জ অফিসারের নিকট যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয় এবং পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
বান্দরবান সদর জোনের আওতাধীন বেতছড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রমের ফলে অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ সেগুন কাঠ শনাক্ত ও জব্দ করা সম্ভব হয়েছে।
অবৈধভাবে বনজ সম্পদ আহরণ, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম এবং নজরদারি অব্যাহত থাকবে।