
(২ মাস আগে) ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১:৩৫ অপরাহ্ন
কিশোরগঞ্জে শরিয়তবিরোধী গান-বাজনা ও কনসার্ট বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন সদর উপজেলা ইমাম-উলামা পরিষদ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ১৯ আগস্ট ২০২৬ বুধবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে একটি গান-বাজনা ও কনসার্টের আয়োজন করা হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে গান-বাজনার মাধ্যমে ইসলামী শরিয়তবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেন তারা।
ইমাম-উলামারা স্মারকলিপিতে বলেন, অতীতে কিশোরগঞ্জের বিভিন্ন মাঠে প্রশাসনের অনুমতিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় ধর্মপ্রাণ জনতা ও উলামায়ে কেরামের বিরোধিতার কারণে তা অনুষ্ঠিত হতে পারেনি। এবারও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ কারণে আগামী ১৯ আগস্ট পুরাতন স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান তারা।
স্মারকলিপির অনুলিপি কিশোরগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়েছে বলে জানান।
সোহেল চৌধুরী