banglahour

পূজা চেরীর বিয়ের গুঞ্জন : ক্ষোভ প্রকাশ করলেন নায়িকা

বিনোদন | বিনোদন ডেস্ক।

(২ দিন আগে) ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৬:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৫২ অপরাহ্ন

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা খবর ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হতে যাচ্ছে—এমন খবরের পাশাপাশি কোথাও কোথাও এরই মধ্যে বিয়ে সেরে ফেলেছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে এত দিন প্রকাশ্যে কিছু বলেননি পূজা চেরী। এবার সেই গুঞ্জনের জবাব দিলেন তিনি।

সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে পূজা স্পষ্ট জানিয়েছেন, তাঁর এখনো বিয়ে হয়নি। একই সঙ্গে তার বিয়ে নিয়ে যাচাই না করে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ খবর প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন।

বিয়ের গুঞ্জন নিয়ে পূজা চেরীর ফেসবুক পোস্ট বাংলা আওয়ার পাঠকদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলোঃ-


সবাইকে শুভেচ্ছা।

আমি দেখতে পাচ্ছি, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারো সাথে, কখনো অন্য কারো সাথে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ তৈরি করা হচ্ছে—যা অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক।

আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম—আমি এনগেজড এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। আমি এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই। বর্তমানে আমি নিজেকে কিছুটা সময় দিচ্ছি, নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সেই কারণেই ক্যামেরার সামনে অনুপস্থিত।

কিন্তু কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী, তা আমার বোধগম্য নয়। বারবার বলতে চাই—আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।

সবাইকে স্মরণে করিয়ে দিতে চাই, অনুমতি ছাড়া কারো ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।
বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা এবং তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার পূর্ণ অধিকার রয়েছে।

সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারা অনুযায়ী ইন্টারনেটে বা ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ।

আমি সবসময় আপনাদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান জানিয়ে এসেছি। কিন্তু আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব। আশা করি, সাংবাদিক ভাই-বোনেরা ও গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করবেন এবং অসত্য নিউজ প্রকাশ করা থেকে বিরত থাকবেন।

ভালোবাসা ও শুভকামনা সবার জন্য।

— পূজা চেরী

বিনোদন অঙ্গনে পূজা চেরীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে তাঁর বাগদান নিয়েও আলোচনা তৈরি হয়েছিল। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই ‘এনগেজড’ থাকার কথা জানান। এবার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢালিউডের এই অভিনেত্রী।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ চলচ্চিত্র দিয়ে। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘লিপস্টিক’, ‘মাসুদ রানা’ ও ‘দম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল