banglahour

রাজবাড়ীর কালুখালী মদাপুর ইউনিয়নে নতুন প্রশাসক নিয়োগ, দায়িত্ব নিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(২ মাস আগে) ১৯ আগস্ট ২০২৬, বুধবার, ৮:১১ অপরাহ্ন

 

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা স্বাভাবিক রাখতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।


কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মিজানুর রহমান নতুন প্রশাসক হিসেবে বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

জানা গেছে, গত ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু আত্মগোপনে চলে যান। এরপর ইউপি সদস্য মদন কুমার প্রামাণিক প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে চলতি বছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগের তদন্তে ক্ষমতার অপব্যবহার ও চাল চুরির ঘটনা প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে গত ৫ই জুলাই স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারা অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী প্যানেল চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।


প্যানেল চেয়ারম্যান সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পর মদাপুর ইউনিয়ন পরিষদে স্থবিরতা নেমে আসে এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ নানা ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও নাগরিক সেবা পুনরুজ্জীবিত করতে অবশেষে উপজেলা প্রশাসন থেকে প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, বিএনপি নেতা শাহজাহান আলী মাস্টার ও জিয়াউর রহমান জিয়, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবাইদুল কবির কুন্নু, সহ-সভাপতি আলমগীর হোসেনস, মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম সরদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহান মোল্লা, ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার ফলে পরিষদের স্থগিত থাকা সব ধরনের প্রশাসনিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দ্রুত গতি ফিরে পাবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল