banglahour

দক্ষিণ এশিয়ার এভিয়েশন ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি পাইলটদের ড্রিমলাইনারে লাইন ট্রেনিং দিচ্ছে বিমান

জাতীয় | নিউজ ডেস্ক

(৩ বছর আগে) ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার, ২:৩৫ অপরাহ্ন

দক্ষিণ এশিয়ার এভিয়েশন ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি পাইলটদের ড্রিমলাইনারে লাইন ট্রেনিং দিচ্ছে বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিদেশি পাইলটদের অত্যাধুনিক ড্রিমলাইনার ৭৮৭-এ লাইন ট্রেনিং প্রদানের মাধ্যমে দক্ষিণ এশিয়ার এভিয়েশন ইতিহাসে নবদিগন্তের সূচনা করেছে। 
২৮ এপ্রিল শুক্রবার ঢাকা-সিলেট-লন্ডন রুটের ফ্লাইটে মঙ্গোলিয়ান এয়ারলাইন্সের ১জন পাইলটকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ট্রেনিং প্রোগ্রামটির শুভ সূচনা হলো। 

মঙ্গোলিয়ান রাষ্ট্রীয় এয়ারলাইন্সের ১২ জন পাইলট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রথম ব্যাচে ৩ জন বর্ণিত প্রশিক্ষণ গ্রহণ করছেন। আর এ জন্য ইতোমধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করা হয়েছে। 

সার্ক দেশসমূহের মধ্যে বিমানই প্রথম বিদেশি পাইলটগণকে অত্যাধুনিক ড্রিমলাইনারে প্রশিক্ষণ প্রদানের গৌরব অর্জন করেছে। 

শুক্রবার সকালে বিমানবন্দরে উপস্থিত হয়ে প্রশিক্ষণ প্রোগ্রাম শুভ উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিম। 

এসময় আরও উপস্থিত ছিলেন বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ যুগ্মসচিব মোঃ ছিদ্দিকুর রহমান, পরিচালক ফ্লাইট অপারেশন্স ক্যাপ্টেন মোঃ সিদ্দিকুর রহমান, বিমানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং ট্রেইনার ও পাইলটবৃন্দ। 

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশ্বব্যাপী প্রশংসনীয় ফ্লাইট সেফটি স্ট্যান্ডার্ডের কারণে বিমানের প্রতি বিদেশি এয়ারলাইন্সসমূহের আস্থা অর্জিত হয়েছে। বিমানের সেফটি স্ট্যান্ডার্ড ও মানসম্মত প্রশিক্ষণ প্রদান সক্ষমতার কারণে বিদেশি এয়ারলাইন্সের বিমান প্রদত্ত ট্রেনিংয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। 

ভবিষ্যতে প্রশিক্ষণের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল