banglahour

চুয়াডাঙ্গায় কৃষি ও সৌরবিদ্যুতের সমন্বয়ে দেশের প্রথম প্রকল্পের উদ্বোধন

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(২ মাস আগে) ১৯ আগস্ট ২০২৬, বুধবার, ১১:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫২ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় একই জমিতে কৃষি উৎপাদন, সৌরবিদ্যুৎ উৎপাদন এবং সৌরচালিত সেচব্যবস্থাকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করার দেশের প্রথম সমন্বিত প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সদর উপজেলার উজলপুর গ্রামের বেদেপোতা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ খালেকুজ্জামান।


জার্মানভিত্তিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড বাংলাদেশের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন বিভাগের পরিচালক (উপসচিব) ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক নাসিফা আলী, ইউরোপীয় ইউনিয়নের সবুজ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির পরিবেশ ও জ্বালানি বিষয়ক ব্যবস্থাপক তানজিনা দিলশাদ, জিআইজেড বাংলাদেশের এনার্জি ক্লাস্টার কো-অর্ডিনেটর স্টায়ানক স্টিচসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য দেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (আইডকল) ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মুনিরুল ইসলাম, কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ঢাকা অফিসের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার (জ্বালানি) ক্রিস্টিন সিস এবং ঢাকায় জার্মান ফেডারেল রিপাবলিক দূতাবাসের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান উলরিচ ক্লেপম্যান।


বক্তারা বলেন, কৃষি উৎপাদন অব্যাহত রেখে একই জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং সৌরচালিত সেচব্যবস্থার সমন্বয় টেকসই কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়বে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। উদ্বোধন উপলক্ষে স্থানীয় কৃষকদের পক্ষ থেকে অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকদের মতে, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বিত ব্যবহারের মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উজলপুর গ্রামের বেদেপোতা মাঠে বাস্তবায়িত এ প্রকল্প ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও অনুসরণযোগ্য মডেল হিসেবে বিবেচিত হতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল