banglahour

নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(৮ ঘন্টা আগে) ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৭:৫২ অপরাহ্ন

নায়ক রাজ রাজ্জাক বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে সফল ও জনপ্রিয় অভিনেতা। ষাটের দশক থেকে শুরু করে প্রায় তিন দশক তিনি অত্যন্ত দাপটের সাথে বাংলা চলচ্চিত্রে প্রধান অভিনেতা হিসেবে কাজ করেছেন। তিনি ছিলেন একাধারে নায়ক, প্রযোজক ও পরিচালক। বাংলা চলচ্চিত্র পত্রিকা 'চিত্রালী'র সম্পাদক আহমদ জামান চৌধুরী তাকে 'নায়করাজ' উপাধিতে ভূষিত করেন।

তিনি ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিলো আব্দুর রাজ্জাক।

কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে নায়ক রাজের অভিনয় জীবনের যাত্রা শুরু হয়। ১৯৬৪ সালে কলকাতার দাঙ্গা শুরু হলে তিনি শরণার্থী হিসেবে সপরিবারে ঢাকায় চলে আসেন এবং তীব্র সংগ্রামের মাধ্যমে চলচ্চিত্রে নিজের স্থান করে নেন।

১৯৬৬ সালে '১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন' চলচ্চিত্রে একটি ছোট চরিত্রের মাধ্যমে ঢালিউডে তার অভিষেক হয়। তবে জহির রায়হানের বিখ্যাত 'বেহুলা' (১৯৬৬) চলচ্চিত্রে প্রথম নায়ক হিসেবে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

রূপালী পর্দায় নায়িকা সুচন্দা, শবনম ও ববিতার সাথে তার অভিনয় প্রশংসিত হলেও রাজ্জাক-কবরী জুটি ছিল বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক জুটি।

তিনি প্রায় ৩০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত কালজয়ী সিনেমাগুলোর মধ্যে রয়েছে— জীবন থেকে নেয়া, নীল আকাশের নিচে, ওরা ১১ জন, রংবাজ, আলোর মিছিল, অশিক্ষিত, ছুটির ঘণ্টা এবং বাবা কেন চাকর।

অভিনয়ের পাশাপাশি তিনি ১৬টি চলচ্চিত্র পরিচালনা করেন এবং নিজের মালিকানাধীন 'রাজলক্ষ্মী প্রোডাকশন' থেকে বহু সফল সিনেমা প্রযোজনা করেন। তাঁর দুই সন্তান বাপ্পারাজ ও সম্রাট বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা।

১৯৯০ সাল পর্যন্ত দাপটের সাথে ঢালিউডে সেরা নায়ক হিসাবে অভিনয় করেন রাজ্জাক। অর্জন করেন একাধিক সম্মাননা। চলচ্চিত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ নায়ক রাজ রাজ্জাক আজীবন সম্মাননা সহ ৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও, তিনি বাচচাস পুরষ্কার,  মেরিল-প্রথম আলো পুরস্কারসহ বিভিন্ন পুরষ্কারে ভূষিত হন।

২০১৭ সালের ২১ আগস্ট ৭৫ বছর বয়সে নায়ক রাজ রাজ্জাক মৃত্যুবরণ করেন।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইলো বিনম্র শ্রদ্ধা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল