
(৭ ঘন্টা আগে) ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৮:০৩ অপরাহ্ন
জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার মধ্যে সৌরবিদ্যুৎ সম্পর্কে জনগণের জ্ঞান, ধারণা, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে পরিচালিত একটি গবেষণা জরিপের ফলাফল সিলেটের টুকের বাজার ইউনিয়ন পরিষদে উপস্থাপন করা হয়েছে।
বাংলাদেশে সৌরবিদ্যুৎ, বিশেষ করে রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার বিষয়ে জনগণের জ্ঞান, প্রচলিত ভুল ধারণা, সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও চাহিদা নিরূপণের লক্ষ্যে এ জরিপ পরিচালনা করে আইডিয়া, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট।
এ উপলক্ষে আয়োজিত সভায় সিলেট ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্যবৃন্দ, আইডিয়া সিলেটের প্রতিনিধি তামান্না আহমদ, নোমান খান, কংকন কান্তি দাস এবং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেট ও মৌলভীবাজারসহ দেশের ১০টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরিচালিত জরিপে স্থানীয় সরকার প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, এনজিও কর্মী, গৃহস্থ, ব্যাংকার, সাংবাদিক, সৌরবিদ্যুৎ পণ্য বিক্রেতা, সোলার স্থাপনকারী ও টেকনিশিয়ান এবং বিদ্যুৎ সেবা প্রদানকারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়। ফলে সৌরবিদ্যুৎ সম্পর্কে জনগণ ও সংশ্লিষ্ট অংশীজনদের ধারণা, সম্ভাবনা ও চাহিদার একটি সমন্বিত চিত্র উঠে আসে।
জরিপের ফলাফলে দেখা যায়, ৮৭ শতাংশ উত্তরদাতা সৌরবিদ্যুৎ ও রুফটপ সৌরবিদ্যুৎ সম্পর্কে অবগত থাকলেও মাত্র ৬৪ শতাংশ সৌরবিদ্যুতের সুবিধাসমূহ সম্পর্কে জানেন। এছাড়া মাত্র ২১ শতাংশ উত্তরদাতা রুফটপ সৌরবিদ্যুৎকে অর্থনৈতিকভাবে লাভজনক বলে মনে করেন।
একই সঙ্গে ২৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, সৌরবিদ্যুৎ ব্যবস্থা বিশেষ করে সৌর প্যানেল দীর্ঘমেয়াদে কার্যকর থাকে না। গবেষণার ফলাফলে সৌরবিদ্যুতের অর্থনৈতিক সুবিধা ও দীর্ঘমেয়াদি কার্যকারিতা সম্পর্কে মানুষের মধ্যে তথ্য ও সচেতনতার ঘাটতির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।
সভায় বক্তারা বলেন, সৌরবিদ্যুৎ সম্পর্কে সাধারণ মানুষের পরিচিতি থাকলেও এর বাস্তব ব্যবহারিক সম্ভাবনা ও আর্থিক সুবিধা সম্পর্কে এখনও অনেক ভুল ধারণা রয়েছে। এসব ভুল ধারণা দূর করতে স্থানীয় পর্যায়ে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম, তথ্য প্রচার এবং কারিগরি সহায়তা প্রয়োজন।
লোডশেডিং সংকট মোকাবিলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে সরকারি স্থাপনা, বাজার, সড়কবাতি, পার্ক ও অন্যান্য জনসাধারণের স্থাপনায় রুফটপ ও উপযোগী সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে একটি সবুজ ও টেকসই ইউনিয়ন গড়ে তোলার সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
আয়োজকদের মতে, সঠিক তথ্য প্রচার, বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা গেলে সিলেটে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এটি দেশের অন্যান্য এলাকার জন্যও একটি অনুসরণযোগ্য উদাহরণ হয়ে উঠতে পারে।