banglahour

সিলামে মাজার ও মসজিদের দানবাক্সের টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ দিন আগে) ২১ আগস্ট ২০২৬, শুক্রবার, ১১:২৮ অপরাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকায় হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেট মাজার ও মসজিদের দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।


শুক্রবার ২১ আগস্ট দুপুর ১টার দিকে সিলামের চকের বাজার হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের সামনে এ সংঘর্ষ শুরু হয়। স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা যায়, মসজিদের ক্যাশ বাক্সের টাকা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষ ইটপাটকেলসহ বিভিন্ন দেশীয় উপকরণ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশও হামলা-পাল্টাহামলার মধ্যে পড়ে। 

এতে মোগলাবাজার থানার ওসি মো. মনির হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হন। এছাড়া দুই পক্ষের আরও ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহতদের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ, স্থানীয় নেতৃবৃন্দ ও মুরব্বিদের প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের কারণে চন্ডিপুল-বালাগঞ্জ সড়কে কিছু সময় যান চলাচলও বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


স্থানীয়ভাবে জানা গেছে, হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ওয়াকফ এস্টেট পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সম্প্রতি ওয়াকফ এস্টেট পরিচালনা নিয়ে কমিটি গঠন ও দায়িত্ব পালনের বিষয়েও আইনি প্রক্রিয়া চলেছে।


ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল