
(৭ ঘন্টা আগে) ২২ আগস্ট ২০২৬, শনিবার, ৭:৫১ অপরাহ্ন
ডলি সায়ন্তনী বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। নব্বইয়ের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তিনি তাঁর সুরেলা কণ্ঠের মাধ্যমে দেশের শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি আধুনিক গানের পাশাপাশি ফোক গানের জন্য বিশেষভাবে সমাদৃত।
ডলি সায়ন্তনী আজকের এই দিনে (২২ আগস্ট ১৯৭৫) বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন।
১৯৮৯ সালে পেশাদার সংগীত জীবন শুরু করার পর তিনি দীর্ঘ তিন দশকে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।তাঁর সুদীর্ঘ সংগীত জীবনে ১৫টি একক অ্যালবাম এবং ১০০টিরও বেশি দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে।
ডলি সায়ন্তনী ৭০০'র বেশি বাংলা চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত 'উত্থান পতন' চলচ্চিত্রের মাধ্যমে তাঁর প্লেব্যাক ক্যারিয়ার শুরু হয়। তাঁর জনপ্রিয় কিছু প্লেব্যাক ও মৌলিক গানের মধ্যে রয়েছে "হে যুবক", "নিতাই গঞ্জ", "তুই যদি হইতি ভালা", "কালিয়া", এবং "বিষম পিরিতি", "আমার মাটির গাছে লাউ ধইরাছে" ইত্যাদি উল্লেখযোগ্য।
২০০৪ সালে তিনি সেরা গায়িকা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।
সাম্প্রতিক সময়ে তিনি তাঁর তিন কন্যাকে সাথে নিয়ে "পারিনি ভুলতে" এবং "পারি না ভুলতে তোকে" শিরোনামের দুটি বিশেষ গান প্রকাশ করেছেন, যা শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
ডলি সায়ন্তনী মূলত একজন সংগীতশিল্পী হলেও গানের পাশাপাশি তিনি ব্যবসার সাথে জড়িত। বর্তমানে তিনি রইজ গ্রুপের ভাইস-চেয়ারম্যান পদে কর্মরত আছেন।