
(২ মাস আগে) ২৩ আগস্ট ২০২৬, রবিবার, ২:৫৬ অপরাহ্ন
ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধর ও ভাঙচুরের অভিযোগে মামলা : এক নারী গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীতে একটি পশু চিকিৎসা কেন্দ্রে চিকিৎসককে মারধর, ভাঙচুর ও টাকা লুটের ঘটনায় মামলা হলে এক নারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহানগর ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। গতকাল (শনিবার) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক আশিকুর রহমান কোতোয়ালী থানা ছাত্রদল নেতা তালহাজুর রহমান, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবসহ তিনজনকে অভিযুক্ত করে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত এক নারীকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী চিকিৎসক মো. আশিকুর রহমান নগরীর জিলা স্কুলের পাশের গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে একটি চেম্বারে বিড়াল ও পোষা প্রাণীর চিকিৎসা দেন এবং পোষা প্রাণীর বিভিন্ন উপকরণ বিক্রি করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই চিকিৎসকের চেম্বারে ঢুুকে এক নারী জুতা হাতে চিকিৎসক আশিকুর রহমানকে প্রহার করছেন। এ সময় পাশে থাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান (প্রতীক) মুঠোফোনে ঘটনাটি ধারণ করেন। একপর্যায়ে তিনিও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারতে থাকেন।
মামলায় আশিকুর রহমান দাবি করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা চেম্বারে ঢুকে চাঁদার জন্য চাপ দেন। এতে তিনি প্রতিবাদ করলে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়। তাঁর দাবি, আফরিন রশিদ সেঁজুতি নামের ওই নারী একটি বিড়ালের মৃত বাচ্চা প্রসবের ঘটনাকে কেন্দ্র করে তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন।
কোতোয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় এক নারীসহ তিনজনকে অভিযুক্ত করে ভুক্তভোগী চিকিৎসক বাদি হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় অভিযুক্ত আফরিন রশিদ সেঁজুতিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান।