banglahour

নওগাঁ সদর হাসপাতালে স্যালাইন কাণ্ড: সরকারি মজুদ থাকা সত্ত্বেও বাইরে থেকে কেনার নির্দেশ, নার্সকে শোকজ

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(২ দিন আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৬:০৩ অপরাহ্ন


নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পর্যাপ্ত নরমাল স্যালাইন সরকারি মজুদে থাকা সত্ত্বেও ভর্তি থাকা এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনে আনার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মাসুদা আক্তার নামে এক সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিনি ফিমেল মেডিসিন ওয়ার্ডের ১১৩ নম্বর বেডে চিকিৎসাধীন রোগী তারিনের চিকিৎসার খোঁজখবর নেন। তখন রোগী ও তার স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালে পর্যাপ্ত নরমাল স্যালাইন মজুদ থাকা সত্ত্বেও ওয়ার্ড ইনচার্জ মাসুদা আক্তার হাসপাতাল থেকে স্যালাইন সরবরাহ না করে বাইরে থেকে কিনে আনতে নির্দেশ দেন।

বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়। পরে সোমবার (২৪ আগস্ট) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, অর্পিত দায়িত্বে অবহেলা ও সরকারি চাকরির বিধি লঙ্ঘনের অপরাধে কেন তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ওই শোকজ নোটিশের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, নওগাঁ-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে।

সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী মজুদ থাকার পরও রোগীকে সেগুলো না দিয়ে বাইরে থেকে কিনতে বলা হলে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। রোগীদের সরকারি চিকিৎসাসেবার আওতায় প্রাপ্য ওষুধ ও চিকিৎসা সামগ্রী যথাযথভাবে সরবরাহ এবং দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঘটনাটি সামনে আসার পর স্থানীয়দের মধ্যেও প্রশ্ন উঠেছে—সরকারি হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ থাকা স্যালাইন মজুদ থাকা সত্ত্বেও কেন একজন ভর্তি রোগীকে তা বাইরে থেকে কিনতে বলা হলো। এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছেন রোগী ও তার স্বজনরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল