
(৫ ঘন্টা আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৯:৫৫ অপরাহ্ন
বিভিন্ন দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে গণপূর্ত কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৬৪৭) এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২৪ আগষ্ট সোমবার সকাল ১১ টায় খুলনার বয়রা নূরনগর পূর্ত ভবন প্রাঙ্গনে গণপূর্ত অধিদপ্তরের কার্যভিত্তিক, দৈনিক ভিত্তিক (ভাউচার), মাষ্টার রোল ও আউট সোর্সিং কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করে।
গণপূর্ত অধিদপ্তরে কার্যভিত্তিক কর্মচারীদের অস্থায়ী নিয়মিত রূপান্তরিত করণে প্রায় ১৫শত জন কর্মচারীর ফাইল দুইটি মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে সদয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যা অবিলম্বে বাস্তবায়নের জন্য বার বার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরও সমাধান হচ্ছে না।
ইতিমধ্যে কার্য্যভিত্তিক কর্মচারীদের মধ্যে অনেকই মৃত্যুবরণ করেছেন, বার্ধক্য জনিত কারণে (৫৯ বছর পূর্তিতে) চাকুরী থেকে অবসর গ্রহণ করেছেন। মৃত্যু ও বার্ধক্য জনিত কারণে অবসর গ্রহণ করায় একদিকে যেমন বেতন পাচ্ছে না অপরদিকে যাদের সরকারি বাসা রয়েছে তাও ছেড়ে দিতে হচ্ছে। ফলে তারা দূর্বিসহ মানবেতর জীবন যাপনসহ তাদের পরিবারের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। গণপূর্ত অধিদপ্তরের প্রচলিত রীতি অনুযায়ী কার্যভিত্তিক কর্মচারীদের অস্থায়ী নিয়মিত রুপান্তরিত প্রতিষ্ঠানে আনয়নের সুযোগ থাকা সত্ত্বেও অদ্যাবধি প্রায় ১৫শ কর্মচারী-কে নিয়মিত করে পেনশনের আওতায় আনা হয়নি।
উচ্চ আদালতে কর্মচারীদের পক্ষে রায়, আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা কর্মচারীর পক্ষে মতামত দিলেও অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ শাখা সময়ক্ষেপন করছে। তাই অবস্থান কর্মসূচি থেকে ১৫শ কার্যভিত্তিক কর্মচারীদের দ্রুত রূপান্তরিত নিয়মিত করার দাবি জানায়। এছাড়াও অন্যান্য দাবিসমূহের মধ্যে রয়েছে ৩য় ও ৪র্থ শ্রেণীর সর্বস্তরের কর্মচারীদের পদোন্নতি প্রদান, দৈনিক ভিত্তিক ( ভাউচার) কর্মচারীদের নিয়মিত করণ এবং কর্মচারীদের মামলার রায় বাস্তবায়ন, আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত নীতিমালা তৈরী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রথা বিলুপ্ত করে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ প্রদান করা ও রাজস্বখাতে আনয়ন, শ্রম আইনের প্রথম আধ্যায়ের ৪নং অনুচ্ছেদ এর (ঞ) অনুচ্ছেদ অনুযায়ী গণপূর্ত অধিদপ্তরের বৈষম্য অবসানে ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা ও চর্চায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুযোগ সৃষ্টি করা।
গণপূর্ত কর্মচারী ইউনিয়ন, খুলনা জেলা কমিটি-২ এর সভাপতি হাফেজ মোঃ আনছার উদ্দীন এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি সঞ্চালনা করেন গণপূর্ত কর্মচারী ইউনিয়ন, খুলনা জেলা কমিটি-১ এর সাধারন সম্পাদক শেখ সুলতান আলী।বক্তব্য রাখেন- খুলনা জেলা কমিটি-২ এর সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলম, খুলনা জেলা কমিটি-১ এর সভাপতি এম, এম ইয়াছিন আরাফাত, সহ-সভাপতি মোঃ শের-ই আলম, মো. তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ খোকন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, মোঃ ইউনুচ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম (মুকুল), প্রচার সম্পাদক শেখ মো. লিটন প্রমূখ।