
(২ মাস আগে) ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১:৫৭ অপরাহ্ন
নওগাঁর ধামইরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, ধামইরহাট উপজেলার ধুরাইল গ্রামের একটি বাড়িতে মাদকদ্রব্য মজুত করে বিক্রি করা হচ্ছে। পরে রাত ১০টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে ফয়সাল আহমেদ (৩২), পিতা—তোফাজ্জল হোসেন, গ্রাম—ধুরাইল, থানা—ধামইরহাট, নওগাঁর বসতবাড়িতে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে মুরগির ঘরের পাশে ভাঙা টিনের স্তূপের মধ্যে বিশেষ কায়দায় রাখা একটি ছোট শপিং ব্যাগ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদক সংরক্ষণ ও বিক্রির কাজে ফয়সাল আহমেদের সহযোগী হিসেবে মনোয়ার হোসেন (২০), পিতা—আবু বক্কর, সাং—ধুরাইল, থানা—ধামইরহাট, নওগাঁকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।