
(২ মাস আগে) ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৫:৩১ অপরাহ্ন
কিশোরগঞ্জের ভৈরবে ব্রহ্মপুত্র নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০০টি অবৈধ রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ব্রহ্মপুত্র নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানের খবর পেয়ে অসাধু জেলেরা পালিয়ে গেলেও নদীতে মাছ ধরার জন্য পাতা অবস্থায় থাকা ২০০টি রিং জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাল মেঘনা নদীর পাড়ে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বলেন, “অবৈধ জাল সংরক্ষণ, বিক্রি, পরিবহন ও ক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। মাছের প্রজনন ও জলজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।”