
(২ ঘন্টা আগে) ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৮:১১ অপরাহ্ন
'ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে মাঠে চল' এবং 'খেলাধুলায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেলে স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জাঁকজমকপূর্ণ পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
বিভাগীয় কমিশনার এস.এম.হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি মো.আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধনকালে বলেন, নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে খেলাধুলার বিকল্প নেই। মাদক, কুসঙ্গ থেকে দূরে রেখে খেলাধুলা শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও খেলাধুলায় উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীসহ বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে চলেছে। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এই আয়োজনকে যারা সফল করে তুলেছেন, তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান প্রমূখ।
এছাড়া ফুটবল ম্যাচ উপভোগ করতে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।