banglahour

প্যারিসে ১১ অক্টোবর বন্ধন পরিবারের আয়োজনে পিঠামেলা

প্রবাস | আবু তাহির। ফ্রান্স।

(২ ঘন্টা আগে) ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ৭:৩১ অপরাহ্ন

 

ফ্রান্সের প্যারিসে আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে ব্যতিক্রমী পিঠামেলা। ম্যারী দ্যা ওভারভিলার  স্টুডিও টোয়েন্টি সিক্স হল রুমে এই পিঠামেলার আয়োজন করেছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বন্ধন পরিবার।

শীতকালীন এই পিঠামেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন ও প্রতিযোগিতার আয়োজন থাকবে। পিঠার স্টল দিতে আগ্রহীদের জন্য থাকছে বিশেষ পুরস্কারের ব্যবস্থাও। মূল আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হবে পিঠা প্রতিযোগিতা।

পিঠামেলার পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরতে থাকবে নৃত্য, গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। বিশেষ করে ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের শীতকাল, শীতের পিঠা এবং গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

এ উপলক্ষে বন্ধন পরিবারের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজকরা জানান, বাংলাদেশের শীতকালীন পিঠার ঐতিহ্যকে প্রবাসে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশের সংস্কৃতি ও শেকড়ের প্রতি আগ্রহ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা বলেন, যারা পিঠার স্টল দিতে চান কিংবা পিঠা প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী, তাদের সবাইকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রবাসের মাটিতে বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতির এই মিলনমেলাকে সফল করতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন তারা।

বাংলাদেশের শীতের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ, রং ও সংস্কৃতিকে ফ্রান্সে তুলে ধরার মধ্য দিয়ে এই পিঠামেলা প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়ে উঠবে এক মিলনমেলার উপলক্ষ—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল