
(১ ঘন্টা আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১:৪০ অপরাহ্ন
বাংলাদেশের নাট্যাঙ্গনে ‘ব্যাচেলর পয়েন্ট’কে ধরা হয় অন্যতম সফল ধারাবাহিক নাটক হিসেবে। বন্ধুত্ব, প্রেম, পারিবারিক সম্পর্ক, হাস্যরসের পাশাপাশি সমসাময়িক নানা বিষয় উঠে এসেছে 'ব্যাচেলর পয়েন্টে'র গল্পে।
২০১৮ সালে ব্যাচেলর পয়েন্ট নাটকের সম্প্রচার শুরু হয়। শুরু থেকেই তরুণ দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পাওয়া এই ধারাবাহিকের প্রতিটি সিজনই পেয়েছে ব্যাপক দর্শকপ্রিয়তা।
সম্প্রতি (৩১ আগস্ট রাতে) এ নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি এক ফেসবুক পোস্টে 'ব্যাচেলর পয়েন্ট' ধারাবাহিক নাটকটি শেষ হওয়ার ইঙ্গিতপূর্ন বার্তা দিয়েছেন। কাজল আরেফিন অমি ব্যাচেলর পয়েন্ট সিজন -৫ হ্যাশট্যাগ দিয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, 'হতেও পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই সিজন, শেষ সিজন।'
ইউটিউবে কোটি কোটি ভিউয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত আলোচনায় থাকে এই নাটকের বিভিন্ন চরিত্র ও সংলাপ।
নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চরিত্রগুলোও পেয়েছে আলাদা জনপ্রিয়তা।
এতে অভিনয় করছেন চাষী আলম, মারজুক রাসেল, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিন, তৌসিফ মাহবুব, শামীম হাচান সরকার, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে।