banglahour

পার্বত্য মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বান্দরবানে রাজপুত্র সাচিংপ্রু জেরী

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি।

(১ দিন আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৪:৪৮ অপরাহ্ন


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বান্দরবানে এসে গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন রাজপুত্র সাচিংপ্রু জেরী।

তাকে বরণ করতে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিক সমাজের ব্যাপক উপস্থিতিতে উৎসবের নগরীতে পরিণত হয় পুরো শহর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান শহরের প্রেসক্লাব চত্বরে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। বান্দরবানের বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সংবর্ধনাস্থলে যোগ দেন। হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

গণসংবর্ধনা অনুষ্ঠানে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। দীর্ঘদিন পর একজন পার্বত্য মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাচিংপ্রু জেরীর প্রথম বান্দরবান সফরকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার নাগরিক সমাজের প্রতিনিধিরা নবনিযুক্ত পার্বত্য মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সাচিংপ্রু জেরীর দায়িত্ব গ্রহণ পার্বত্য অঞ্চলের মানুষের জন্য নতুন আশার সঞ্চার করেছে। তার নেতৃত্বে বান্দরবানের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনসহ সামগ্রিক উন্নয়নে নতুন গতি আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২১ আগষ্ট পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন রাজপুত্র সাচিংপ্রু জেরী এমপি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল