
(১ ঘন্টা আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:৫৩ অপরাহ্ন
মোংলায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পাওয়ার প্লান্টের মধ্যে ‘মৈত্রী স্কুল’-এর জন্য দুটি নতুন বাসের শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার দুপুরে বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ৩১৫ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, খাতা-কলম ও ছাতাসহ নানা প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের ২১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ২১টি বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র (বিআইএফপিসিএল) এর প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, "শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং প্রত্যন্ত এলাকার শিক্ষা কার্যক্রমে সহায়তা করতেই আমাদের এই উদ্যোগ। প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে পারলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এই অঞ্চলের মানুষের চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে এবং ইতোমধ্যেই বহু মানুষের কর্মসংস্থান হয়েছে।"
প্রধান অতিথির বক্তব্যে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী বলেন, এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক সহায়তা শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিআইএফপিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।