banglahour

সমালোচনার মুখে আইয়ুব বাচ্চুর ২০ গানের প্রকল্প ‘উত্তরাধিকার’ স্থগিত

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৭ ঘন্টা আগে) ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০২ অপরাহ্ন

কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান নিয়ে সাজানো অ্যালবাম ‘উত্তরাধিকার’-এর কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। অ্যালবামের নতুন সংগীতায়োজন নিয়ে ভক্তদের একাংশের তীব্র সমালোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

গত ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘উত্তরাধিকার’ অ্যালবামটি। অ্যালবামের কয়েকটি গান প্রকাশ্যে আসতেই নতুন সংগীতায়োজন ও পরিবেশনা নিয়ে বাচ্চুভক্তদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শেষ পর্যন্ত তাঁদের আপত্তির মুখেই নতুন গান প্রকাশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রবিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ‘উত্তরাধিকার’-এর সঙ্গে যুক্ত সবার উপস্থিতিতে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, ইতোমধ্যে প্রকাশিত চারটি গান প্রত্যাহার করে নেওয়া হবে। পাশাপাশি অপ্রকাশিত আরও ১৩টি গানও আপাতত প্রকাশ করা হবে না।

এলআরবির সদস্য শামীম আহমেদ বলেন, ‘বস (আইয়ুব বাচ্চু) সবার কাছে একটা আবেগের ব্যাপার। তাঁর কালজয়ী সৃষ্টির এভাবে অবমূল্যায়ন হতে পারে না, এ ব্যাপারে সবাই একমত হয়েছেন।

আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তারও 'উত্তরাধিকার' আপাতত স্থগিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই অ্যালবামের সাথে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা এ ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন।

তাঁদের ভাষ্য, আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ও থেকেই তাঁরা তাঁর গানগুলো নতুন করে পরিবেশন করেছেন। এর পেছনে তাঁদের ব্যক্তিগত কোনো অর্থনৈতিক লাভের উদ্দেশ্য ছিল না।

উল্লেখ্য, ইতোমধ্যে ‘উত্তরাধিকার’ অ্যালবামের সাতটি গান প্রকাশিত হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল