banglahour

ধামরাইয়ে জমি বিরোধের জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি

সারাদেশ | মো সাফায়েত খান ওপেল। ধামরাই প্রতিনিধি।

(২ মাস আগে) ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২:২৮ অপরাহ্ন

 

ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে একটি টিনের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে ভুক্তভোগীর শরীকদের বিরুদ্ধে। এঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নন্দ গোপাল।

বুধবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান।

অভিযোগ সুত্রে জানা যায়, গত সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টার মধ্যবর্তী সময়ে এই ঘটনা ঘটে। আগুনে ঘর, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় ৬ লক্ষ ৯০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল সাড়ে চারটা থেকে সোয়া পাঁচটার মধ্যে রঘুনাথপুর গ্রামের বাসিন্দা নন্দ গোপালের পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। এই সুযোগে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাদের টিনের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে প্রতিবেশীদের মুখে খবর পেয়ে ভুক্তভোগী পরিবার ফায়ার সার্ভিসকে জানালে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত নন্দ গোপাল বলেন, অগ্নিকাণ্ডে তাদের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালঙ্কার, ১৪ ভরি রৌপ্য অলঙ্কার, নগদ ৫০ হাজার টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নন্দ গোপাল অভিযোগ করে বলেন, জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশী বাবু চন্দ্র শীল (৪৮) ও নারায়ণ চন্দ্র শীল (৫২) নামের দুই ব্যক্তির সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছে। তাঁর ধারণা, এই শত্রুতার জেরে তাঁদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের সাব এসিস্ট্যান্ট অফিসার শামসুল মিয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই দেখি স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলেছে। স্টেশন থেকে অনেক দূরে এবং খবর পেতে দেরি হয় আমরা ঘটনাস্থলে যেয়ে আগুন পাইনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল