banglahour

প্যারিসে ৬ সেপ্টেম্বর গাছবাড়ি মিলনমেলা, লন্ডন থেকে ২৫ অতিথির আগমন

প্রবাস | আবু তাহির। ফ্রান্স।

(২০ ঘন্টা আগে) ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৪:২৭ অপরাহ্ন

গাছবাড়িতে হাসপাতাল নির্মাণসহ এলাকার উন্নয়ন নিয়ে হবে আলোচনা, অংশ নেবেন ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত শতাধিক গাছবাড়িবাসী।

ইউরোপের মাটিতে কানাইঘাটের গাছবাড়ি এলাকার প্রবাসীদের বৃহৎ মিলনমেলা বসতে যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। আগামী ৬ সেপ্টেম্বর, রবিবার বিকেল ৫টায় মেরি দ্য ওবারভিলিয়ে এলাকার স্টুডিও ২৬ হলে (মেরির পেছনের হল) এ মিলনমেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত কানাইঘাটের গাছবাড়ি এলাকার পাঁচ শতাধিক প্রবাসী অংশগ্রহণ করবেন। বিশেষ করে কানাইঘাটের ৭, ৮ ও ৯ নম্বর ইউনিয়নের প্রবাসীদের অংশগ্রহণে এ আয়োজনটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গাছবাড়িতে হাসপাতাল নির্মাণকে ঘিরে মূল আয়োজন

গাছবাড়িতে লন্ডনপ্রবাসীদের অর্থায়ন এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত এলাকার প্রবাসীদের সহযোগিতায় একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতাল নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন, এর প্রচার-প্রসার এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করাই এবারের মিলনমেলার অন্যতম প্রধান উদ্দেশ্য।

আয়োজকদের প্রত্যাশা, প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে গাছবাড়িতে একটি আধুনিক ও জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে।

লন্ডন থেকে প্যারিসে ২৫ অতিথি

মিলনমেলাকে সামনে রেখে লন্ডন থেকে ২৫ জন অতিথি বৃহস্পতিবার রাতে প্যারিসে এসে পৌঁছেছেন। এ সময় গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের নেতৃবৃন্দ এবং কানাইঘাটের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা গার দ্য নর্থ (Gare du Nord) স্টেশনে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

অতিথিদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের সদস্যসচিব অ্যাডভোকেট এবাদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুদু, য়ুগ্ম  আহবায়ক জয়নুল আবেদীন ,যুগ্ম আহ্বায়ক সামসুল ইসলাম,সহ  সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘদিন পর প্রবাসী স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় স্টেশনেই সৃষ্টি হয় আনন্দঘন ও আবেগঘন পরিবেশ। কুশল বিনিময় ও আন্তরিক আলাপচারিতায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

‘সরকারের দিকে তাকিয়ে না থেকে প্রবাসীদের এগিয়ে আসতে হবে’

এ সময় গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের নেতৃবৃন্দ বলেন, আগামী ৬ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিতব্য মিলনমেলা কানাইঘাটের প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এর মাধ্যমে প্রবাসীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পাশাপাশি এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।

তারা বলেন, “এলাকার উন্নয়নের জন্য শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রবাসীরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসেন, তাহলে গাছবাড়িকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব। এ উদ্যোগ সারা বাংলাদেশের জন্যও একটি দৃষ্টান্ত হতে পারে।”

আয়োজকরা জানান, মিলনমেলায় গাছবাড়ির হাসপাতাল নির্মাণসহ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হবে। পাশাপাশি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

৬ সেপ্টেম্বরের এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে প্যারিসসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত কানাইঘাটের প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল