
(১১ ঘন্টা আগে) ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৫ অপরাহ্ন
কিংবদন্তি সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে সংগীত শিল্পী কনকচাঁপা আজ (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই গুনি শিল্পীকে শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলা আওয়ার পাঠকদের উদ্দেশ্যে সংগীত শিল্পী কনকচাঁপার ফেসবুক পোস্ট হুবুহু তুলে ধরা হলো -
সাবিনা ইয়াসমিন। একটি নাম, একটি ইনস্টিটিউট। আমাদের বাতিঘর আব্দুল্লাহ আবু সাঈদ স্যার একটা ম্যাগাজিন অনুষ্ঠানে বলেছিলেন বলেন তো কোকিল কবে গায়? দর্শকের উত্তর বসন্তে। তারপর ওনার প্রশ্ন ছিলো সারাবছরই সুরে মাতিয়ে রাখে কোন পাখি ?
দর্শক উত্তর দিতে দেরি করায় তিনিই উত্তর দেন সারাবছর গানে মাতিয়ে রাখে যে পাখি তিনি আমাদের সাবিনা ইয়াসমিন। অনেক বছর আগের কথা সেটা।
এখন আমি বলবো সারাবছর নয় বাংলাদেশের মানুষকে সারাজীবন গানে ডুবিয়ে ভাসিয়ে উজ্জীবিত করে রাখলেন আমাদের সাবিনা ইয়াসমিন। সাবিনা আপা কোকিলের মতো নাকি কোকিল সাবিনা আপার মতো গায় তা গবেষণার বিষয় না হলেও আমাদের সাবিনা আপা আজীবন এবং পরিণত বয়সেও কীভাবে একই রকম কণ্ঠ ধরে রাখলেন তা কিন্তু গবেষণার বিষয়।
বাংলাদেশের সব গানের সব শাখায় সমান দক্ষতার সাথে বিচরণ করার পরও একটা কথাই বলতে ইচ্ছে হয় উনি যদি 'জন্ম আমার ধন্য হলো মাগো', 'সব কটা জানালা খুলে দাও না' এবং ''একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার' এই তিনটি গান ছাড়া আর একটিও গান না গাইতেন তবু্ও তিনি আজ যেমন মধুকণ্ঠী কোকিল নামে অভিহিত হয়ে গেছেন তেমনই থাকতেন।
আজ তাঁর জন্মদিন। আজকের দিনটি একান্তই তাঁর হয়ে যাক, আজকের সব ফুল সাবিনা আপার জন্য ফুটুক এবং আল্লাহ যেন ওনাকে সুস্থ, আনন্দিত,সুরক্ষিত, সুখী ও সম্বৃদ্ধ রাখেন এই দোয়া করি।
শুভ জন্মদিন বাংলার গানের পাখি সাবিনা ইয়াসমিন।