
(১ দিন আগে) ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৪:১৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬। বাংলাদেশি-আমেরিকান প্রবাসীদের অন্যতম বৃহৎ এই আয়োজনের গালা নাইট ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রবাসী বাংলাদেশি, সংগঠক, কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার পতাকা প্রদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি ও প্রবাসী বাংলাদেশিদের ঐক্যের প্রতীকী প্রকাশ ঘটে। মঞ্চে ফোবানার নেতৃবৃন্দ ও আয়োজকদের উপস্থিতিতে কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গালা নাইটে বক্তারা বলেন, উত্তর আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরতে ফোবানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, ৪০তম ফোবানা কনভেনশনকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, সংগীত পরিবেশনসহ নানা আয়োজন রাখা হয়েছে। কয়েক দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়েছে অরল্যান্ডো।