
(২ মাস আগে) ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৪:৩৩ অপরাহ্ন
নওগাঁর বদলগাছী থেকে চুরি হওয়া একটি ইয়ামাহা R15 মোটরসাইকেল রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ। এ ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ বেলা ৩টার দিকে ফুয়াদ নামে এক ব্যক্তি বিয়ের দাওয়াতে অংশ নিতে বদলগাছী থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় হামিদুল নামে এক ব্যক্তির বাড়িতে যান। তিনি বাড়ির বাইরে তার ইয়ামাহা R15 মোটরসাইকেলটি রেখে দাওয়াতে অংশ নেন। পরে দাওয়াত শেষে বাইরে এসে দেখতে পান, মোটরসাইকেলটি সেখানে নেই।
ঘটনাটি জানার পর নওগাঁর পুলিশ সুপার দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বদলগাছী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ইউনিটকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।
এরপর তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করে জেলা গোয়েন্দা শাখা ও বদলগাছী থানা পুলিশের একটি দল রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ এলাকায় অভিযান শুরু করে।
অভিযানের ধারাবাহিকতায় ৪ সেপ্টেম্বর রাতে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মিঠাপুকুর থানার শীতলগাড়ী নয়াপাড়া গ্রামের উত্তম কুমারের ছেলে শ্যাম কুমার (২২) এবং পীরগঞ্জ থানার লালদিঘী আরিজপুর গ্রামের তোজাম্মেল মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম (৪১)।
পুলিশ জানায়, গ্রেপ্তার শহিদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যাম কুমারের হেফাজত থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুই আসামিকে নওগাঁয় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।