
(৪ ঘন্টা আগে) ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১:১৮ অপরাহ্ন
খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টিকারী শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘আরমান বাহিনী’র প্রধান আরমান হোসেন দীপু ওরফে ‘শুটার আরমান’কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬। রোববার রাতে ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, দুটি শটগান ও ১২ রাউন্ড গুলি।
আরমান দৌলতপুর ও আড়ংঘাটা এলাকায় ৮ থেকে ১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন ও হুমকি দিয়ে আসছিল।
এছাড়া গত ১৭ জুন দৌলতপুরের একটি মসজিদে প্রবেশ করে দুই মুসল্লিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে।
উপ-অধিনায়ক, র্যাব-৬, খুলনা মেজর মোঃ নাজমুল ইসলাম, আর্টিলারি, জানায়, আরমানের বিরুদ্ধে ছয়টি হত্যাসহ একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। এর আগে সে হুমায়ুন কবির ওরফে হুমা গ্রুপের সদস্য ছিল। পরে নিজেই গড়ে তোলে ‘আরমান বাহিনী’।
তার বাহিনীর আরও তিন সদস্যকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৬।