banglahour

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল ঘোষণা

জাতীয় | প্রেস বিজ্ঞপ্তি।

(২০ ঘন্টা আগে) ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৯:০২ অপরাহ্ন

সারাদেশের চার হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত দীর্ঘ প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও বাছাই প্রক্রিয়া শেষে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (IOCEI) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য পাঁচ সদস্যের জাতীয় দল ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে রাশিয়ার সিরিয়াসে।


বাংলাদেশ অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (BOCEI) ২০২৬-এর মাধ্যমে দল নির্বাচন করা হয়। প্রতিযোগিতার আয়োজন করে সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক (SLSN) ও জিরো কম্পিটিশনস।
গত ১৭ জুলাই অনলাইনে অনুষ্ঠিত প্রাথমিক পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। পরবর্তীতে ঢাকা, রাজশাহী ও সিলেটে আঞ্চলিক পর্ব এবং একটি অনলাইন আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। সেখান থেকে নির্বাচিত সেরা ৩০০ শিক্ষার্থী গত ২১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হলে অনুষ্ঠিত জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।


জাতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক আলেক্সান্দ্রা খ্লেভনয়া এবং শিক্ষা ক্ষেত্রের জ্যেষ্ঠ সমন্বয়কারী মো. মেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ একাডেমিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।


জাতীয় পর্ব শেষে নির্বাচিত ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়। প্রশিক্ষণে পরিবেশবিদ্যা, জীববৈচিত্র্য, পরিবেশ রসায়ন, জলবায়ুবিজ্ঞান, পৃথিবী-ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়।


গত ২৭ আগস্ট ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত চূড়ান্ত দল নির্বাচন পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক দল নির্ধারণ করা হয়। পরীক্ষায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা, তথ্য বিশ্লেষণের সক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা মূল্যায়ন করা হয়।


আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত পাঁচ শিক্ষার্থী হলেন— আবুদাহজুরাহ আয়মান, ফাবিহা নূরজিনা, ইসমাহ আরুশ, এস এম আনফাল হাবিব এবং মাকরুন নাহার মেঘা।
বাংলাদেশ দলের দলনেতা হিসেবে থাকবেন তাসিন মোহাম্মদ ও আহনাফ তাহমিদ উদ্দিন। পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ফেরদৌস আহমেদ।
রাশিয়ার সিরিয়াসে অনুষ্ঠিতব্য IOCEI ২০২৬-এ বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দল অংশ নেবে। প্রতিযোগিতায় জলবায়ুবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান এবং টেকসই উন্নয়ন-সংশ্লিষ্ট তাত্ত্বিক, ব্যবহারিক ও দলভিত্তিক বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।


আয়োজকদের মতে, BOCEI-এর লক্ষ্য শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য জাতীয় দল নির্বাচন নয়; বরং দেশের তরুণদের মধ্যে জলবায়ু ও পরিবেশবিষয়ক জ্ঞান বৃদ্ধি, বৈজ্ঞানিক চিন্তাভাবনার বিকাশ, সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতের গবেষক, উদ্ভাবক ও পরিবেশ নেতৃত্ব গড়ে তোলার জন্য একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল