banglahour

কিশোরগঞ্জে কাল বন্ধ থাকবে কোচিং সেন্টার, স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ”

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১:৪৮ অপরাহ্ন

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ও গতি ফেরাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।


একই সঙ্গে শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন কিশোরগঞ্জের  জেলা প্রশাসক সোহানা নাসরিন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ।


সভায় জেলার শিক্ষা পরিস্থিতি, শিক্ষার্থীদের বিদ্যালয়ে কমে যাওয়া উপস্থিতি এবং শ্রেণিকক্ষের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে এবং শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রমে মনোযোগী হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে আগামীকাল নির্ধারিত সময়ে জেলার কোনো কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না। পাশাপাশি বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসার ক্ষেত্রেও শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে।


শিক্ষার আলো জ্বালানোর মূল ঠিকানা শ্রেণিকক্ষ। অথচ শিক্ষার্থীদের অনুপস্থিতিতে সেই শ্রেণিকক্ষই যেন ধীরে ধীরে তার প্রাণ হারাচ্ছে। আর তাই শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে প্রশাসনের এমন উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আবারও বিদ্যালয়গুলো প্রাণচঞ্চল হয়ে উঠবে—এমন প্রত্যাশাই এখন কিশোরগঞ্জবাসীর।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল