
(৪ ঘন্টা আগে) ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১:৫০ অপরাহ্ন
দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেলে এসে এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারী ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় ছিনতাইকৃত স্বর্ণ দিয়ে তৈরি ৬টি নাকফুল, ২টি কানের দুল ও ২টি কানের রিং উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২০ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৫১ মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানাধীন মির্জাপুর এলাকায় বিআরটিসি বাস ডিপোর সংলগ্ন অর্পণা ছাত্রীনিবাসের প্রধান ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেলযোগে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বেলী রানী (২২) বাদী হয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অপরাধীদের শনাক্ত, তাদের অবস্থান যাচাই এবং ছিনতাইকৃত স্বর্ণের চেইন উদ্ধারে ছায়াতদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি দিনাজপুরের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে ডিবির একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৭ সেপ্টেম্বর রাত ১০টায় চিরিরবন্দর থানাধীন কাঁউগা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ছিনতাইকারী আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেল (৩০)কে গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুর কোতোয়ালি থানাধীন ফুলবাড়ী বাসস্ট্যান্ড (নিমনগর) এলাকার মো. শামছুল হকের ছেলে।
পরে গ্রেফতার আজমীর আহমেদ সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাত ২টায় বিরামপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত স্বর্ণ দিয়ে তৈরি ৬টি নাকফুল, ২টি কানের দুল ও ২টি কানের রিং উদ্ধার করা হয়। একই অভিযানে ছিনতাইয়ের ঘটনায় সহযোগী মো. রকিবুল ইসলাম রকিব (৩৩)কে গ্রেফতার করা হয়। তিনি বিরামপুর থানাধীন মামুনাবাদ এলাকার মো. আব্দুল মান্নান মির্জার ছেলে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি মো. মুন্না (৪০)কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।