banglahour

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক ও আইন সচেতনতা কর্মশালা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ মাস আগে) ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৭:২৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন ও অন্যান্য আইন সম্পর্কে প্রাথমিক ধারণা এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। তাই ছোটবেলা থেকেই আইন সম্পর্কে জানা এবং তা মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সড়কে চলাচলের সময় জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে ব্যবহার করতে হবে। যানবাহন চালানোর ক্ষেত্রে আইনানুগ বাধ্যবাধকতা মেনে চললে নিজের পাশাপাশি অন্যদেরও নিরাপদ রাখা সম্ভব। ট্রাফিক আইন অমান্যের কারণে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। আইন ভঙ্গ করলে জরিমানা, লাইসেন্স বাতিলসহ বিভিন্ন আইনি জটিলতায় পড়তে হতে পারে। তাই সবার নিরাপত্তার স্বার্থে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

কর্মশালায় শিক্ষার্থীদের ‘সততা স্টোর’ সম্পর্কেও ধারণা দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া মাদক ও ধূমপানের ক্ষতিকর দিক, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং এবং ‘ব্যাড টাচ’ প্রতিরোধে করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন তুলে ধরলে আলোচকরা সেগুলোর উত্তর দেন।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কর্মশালায় এএসপি (প্রবিঃ), ট্রাফিক ইন্সপেক্টর, জেলা ট্রাফিক পুলিশের সদস্য, চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল