banglahour

রাস্তা নিরাপদ রাখতে স্কুটিতে দা-বুট নিয়ে টিপুর ছুটে চলা

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১২:১৮ অপরাহ্ন


সকালের নরম আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। গ্রামের আঁকাবাঁকা পথে কেবল শুরু হয়েছে মানুষের চলাচল। কেউ যাচ্ছেন কর্মস্থলে, কেউ বাজারে, আবার কেউ বের হয়েছেন প্রয়োজনীয় কাজে। এরই মধ্যে স্কুটি নিয়ে পথে বেরিয়ে পড়েন টিপু সুলতান। তবে তার স্কুটিতে থাকে না শুধু ব্যবসার প্রয়োজনীয় জিনিসপত্র। সঙ্গে থাকে দা, হ্যান্ডগ্লাভস ও একজোড়া গামবুট।

পথে চলতে গিয়ে কোথাও রাস্তার ওপর নুয়ে পড়া গাছের ডাল, কোথাও লতাপাতা-আগাছায় সংকুচিত হয়ে আসা চলাচলের জায়গা কিংবা ঘন ঝোপঝাড় চোখে পড়লেই থেমে যান তিনি। স্কুটি এক পাশে রেখে হাতে তুলে নেন দা। শুরু করেন আগাছা কাটা, ঝোপঝাড় পরিষ্কার কিংবা রাস্তার ওপর ঝুলে থাকা ডালপালা ছাঁটার কাজ।

কেউ তাঁকে এ দায়িত্ব দেয়নি। নেই কোনো পারিশ্রমিকও। তারপরও নিজের সময়, শ্রম ও অর্থ ব্যয় করে মানুষের চলাচলের পথ নিরাপদ ও স্বস্তিদায়ক করে তুলতে কাজ করে যাচ্ছেন টিপু। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের পারদিয়াকুল গ্রামের এ বাসিন্দার এমন উদ্যোগে প্রশংসা করছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়,টিপু সুলতানের গ্রামের পাশের বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ব্যবসার ব্যস্ততার মধ্যেও কখনো দোকানের কাজ শেষে, আবার কখনো ভোরে ফজরের নামাজের পর স্কুটির সঙ্গে থাকে দা, হ্যান্ডগ্লাভস ও গানবুট নিয়ে বের হয়ে যান। বিশেষ করে রাস্তার বাঁকে নুয়ে পড়া ডালপালা ও ঘন আগাছার কারণে সামনে থেকে আসা যানবাহন সহজে দেখা যায় না।এতে বাড়ে দুর্ঘটনার ঝুঁকি।
যখনই এমন দৃশ্য চোখে পড়ে তখনই দা দিয়ে কেটে ফেলেন আগাছা ও ঝোপঝাড়। প্রয়োজন হলে ছেঁটে দেন রাস্তার ওপর নুয়ে পড়া ডালপালা। গত কয়েক দিনে তিনি প্রায় চার-পাঁচ কিলোমিটার রাস্তা পরিষ্কার করেছেন বলে জানান। তার লক্ষ্য পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন রাস্তা থেকে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা আগাছা,ঝোপঝাড় ও ঝুঁকিপূর্ণ ডালপালা সরিয়ে দেওয়া।শুধু রাস্তা নয়,নিজের গ্রামের একটি কবরস্থানও পরিষ্কার করেছেন টিপু।

 

স্থানীয়দের ভাষ্য, তার উদ্যোগে কবরস্থানটি আগের তুলনায় অনেক পরিচ্ছন্ন হয়েছে। ফলে স্বজনরা কবর জিয়ারতে এসে এখন স্বস্তিতে চলাফেরা করতে পারছেন।

স্থানীয় পথচারী ইমরান বলেন, ‘রাস্তা আগে অপরিচ্ছন্ন ছিল। আগাছা ও গাছপালার কারণে সামনে ঠিকমতো দেখা যেত না। এতে দুর্ঘটনার সম্ভাবনা ছিল। টিপু রাস্তা পরিষ্কার করায় এখন রাস্তা অনেকটা পরিষ্কার হয়েছে। মানুষের চলাচলেও সুবিধা হচ্ছে।’

কাদের সিদ্দিকী বলেন, ‘পারদিয়াকুল গ্রামের একটা জায়গা আগে জঙ্গলের মতো হয়ে গিয়েছিল। টিপু নিজে সেটি পরিষ্কার করেছে। এখন জায়গাটা অনেক সুন্দর হয়েছে। মানুষও খুশি।’

স্থানীয় বাসিন্দা জালাল উদ্দীন বলেন, ‘এ রাস্তা দিয়ে চলাচলের সময় গাছের ডালপালা শরীরে লেগে যেত। সামনে কী আছে, সেটাও ঠিকমতো দেখা যেত না। টিপু পরিষ্কার করার পর এখন রাস্তায় চলাচল করতে অনেক সুবিধা হয়। গাড়ির সঙ্গেও ডালপালার ধাক্কা লাগে না।’

স্বেচ্ছাসেবী টিপু সুলতান বলেন, ‘রাস্তায় নুয়ে পড়া গাছের ডালপালার কারণে অনেক সময় বাঁকগুলোতে সামনে থেকে আসা যানবাহন দেখা যায় না। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই মানুষের চলাচল নিরাপদ ও সহজ করতে নিজের উদ্যোগে কাজ করছি।

তিনি আরও বলেন, ‘ব্যবসার পাশাপাশি অতিরিক্ত সময় দিয়ে ফজরের নামাজের পর বিভিন্ন রাস্তার আগাছা ও গাছপালা পরিষ্কার করি। গত কয়েক দিনে প্রায় চার-পাঁচ কিলোমিটার রাস্তা পরিষ্কার করেছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে পুরো ইউনিয়নের রাস্তা পরিষ্কার করার চেষ্টা করব। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ—এ বিশ্বাস থেকেই কাজটি করছি।

 


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল