
(১১ ঘন্টা আগে) ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১০:৫৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ছোট সোনামসজিদ ও তোহাখানা এলাকায় আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে হজরত শাহ নেয়ামতুল্লাহ (র.)-এর ঐতিহাসিক ওরস। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ সোনামসজিদে সমবেত হচ্ছেন।
ওরসকে কেন্দ্র করে তোহাখানা মাজার এলাকায় নেওয়া হয়েছে নানা ধর্মীয় আয়োজন। এর মধ্যে রয়েছে কোরআনখানি, দোয়া মাহফিল ও জুমার নামাজ। জুমার নামাজে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেবেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে দর্শনার্থীদের জন্য হজরত শাহ নেয়ামতুল্লাহ (র.)-এর ব্যবহৃত পোশাক ও বিভিন্ন আসবাবপত্র উন্মুক্ত করে দেওয়া হবে। ঐতিহাসিক এসব নিদর্শন দেখতে দূর-দূরান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
ইতোমধ্যে বৃহস্পতিবার থেকেই ওরসে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তদের আগমন শুরু হয়েছে। আগত অনেকেই মাজার এলাকায় ইবাদত-বন্দেগি ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত কাটিয়েছেন।
এদিকে ওরসকে ঘিরে ছোট সোনামসজিদ সংলগ্ন মহাসড়কের দুই পাশে বসেছে বিভিন্ন পণ্যের দোকান। পাশাপাশি জমে উঠেছে ঐতিহ্যবাহী মেলা। ফলে ধর্মীয় আয়োজন, ভক্তদের সমাগম ও মেলাকে ঘিরে ছোট সোনামসজিদ এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
প্রতিবছর হজরত শাহ নেয়ামতুল্লাহ (র.)-এর ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এবারও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঐতিহাসিক এ ধর্মীয় আয়োজন সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।