banglahour

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ৩টি বিশেষ কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১৪ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২:৩০ অপরাহ্ন


পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।


শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাঙ্গামাটির কাঁঠালতলীস্থ মৃধা ভবনে পিসিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


উক্ত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ পিসিএনপি ও এর সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় বর্তমান সরকার 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি', 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি' এবং 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি' গঠন করেছে। দেশের স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পাহাড়ের সাধারণ ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় অতীতে কোনো সরকার এমন ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেনি। এই তিন স্তরের শক্তিশালী কমিটি নিরলসভাবে কাজ করে পার্বত্যঞ্চলের মূল সমস্যা সমাধান ও সুষম উন্নয়ন নিশ্চিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ মানবিক ও সফল প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বলেন, "এই সিদ্ধান্তের মাধ্যমে পাহাড়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সাংবিধানিক স্বীকৃতি ও সহাবস্থান নিশ্চিত করার যে পথ সুগম হয়েছে, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।"
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল