
(৫ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৩:৩৩ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
ময়মনসিংহ প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। তিনি বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এজন্য নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, জলাবদ্ধতা নিরসন ও জনসচেতনতামূলক এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করবে সিটি কর্পোরেশন।
আজ (শনিবার) নগরীর কাঁচিঝুলি মোড়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিটি প্রশাসক বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক, পলিথিন, ফোম কিংবা ডাবের খোসা ফেলে রাখা যাবে না। এসব স্থানে সামান্য স্বচ্ছ পানি জমে থাকলেও এডিস মশার লার্ভা জন্মাতে পারে। বাসার ছাদ, বারান্দা, ফুলের টব, এসির পানি জমার স্থান ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।
কর্মসুচিতে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ.কে.দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ অন্যান্য কর্মকর্তাও অংশ নেন।
এদিকে নতুন বাজার এলাকায় সরকারি মুমিনুন্নিসা কলেজের স্কাউট ও বিএনসিসির সদস্যদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
এসময় স্থানীয় সরকার পরিচালক উম্মে হাবিবা মীরা, সিনিয়র সহকারী কমিশনার (স্থানীয় সরকার, লাইসেন্স (প্রমোদ), সোনিয়া হোসেন জিসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপপরিচালক (বীজ) ড. দিদারুল আমিন, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে আগামী ৩ মাস জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের উদ্যোগে প্রতি সপ্তাহের শনি ও রবিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসক।