banglahour

এ আই দিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধে সাংবাদিকদের সতর্ক করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জাতীয় | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৮:৫৭ অপরাহ্ন


কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা  অডিটোরিয়ামে মাল্টিমিডিয়া,  ফ্যাক্টচেকিং (তথ্য যাচাই) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার  প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ আই দিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধে সাংবাদিকদের সতর্ক করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ সবার। রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ প্রত্যেক নাগরিকেরই দেশের প্রতি দায়িত্ব রয়েছে। সাংবাদিকরা জনগণের কথা তুলে ধরবেন এবং সরকারের ভুল-ত্রুটিও তুলে ধরবেন। তবে তা হতে হবে তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণমাধ্যমে যে স্বাধীনতা বিরাজমান, তা অব্যাহত থাকবে।
রাষ্ট্র ও গণতন্ত্রের স্বার্থে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন,রাষ্ট্র ও দেশের অর্থনীতিকে যেভাবে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, তা থেকে দেশকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনোভাবেই ফ্যাসিবাদ যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা যেন বজায় থাকে, সেদিকে সাংবাদিকদের নজর রাখতে হবে।

হোসেনপুরসহ কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের নেওয়া উন্নয়ন কর্মসূচিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি স্থানীয় মানুষের পাশে থাকারও আশ্বাস দেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলা সাংবাদিকদের মাল্টিমিডিয়া,ফ্যাক্ট চেক ও এ আই বিষয়ক প্রশিক্ষণে তথ্যের সত্যতা যাচাই, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ এবং সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলভাবে তথ্য ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় প্রশিক্ষণার্থীদের ফ্যাক্টচেকের প্রয়োজনীয়তা, তথ্যের উৎস যাচাই, ছবি ও ভিডিওর সত্যতা নির্ধারণ এবং অনলাইনে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত করার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার, এর সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়েও আলোচনা করা হয়। বিশেষ করে সংবাদ তৈরি, তথ্য অনুসন্ধান ও কনটেন্ট তৈরিতে এআই ব্যবহারের ক্ষেত্রে তথ্য যাচাই এবং নৈতিকতার ওপর গুরুত্বারোপ করা হয়।

উক্ত সমাপনী অনুষ্ঠানে,হোসেনপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান চন্দনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল