banglahour

ময়মনসিংহে নারীপক্ষের সংবাদ সম্মেলন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৯:০৮ অপরাহ্ন


নারী মুক্তির আন্দোলনকে বিস্তৃত করা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ের নারীদের সংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 
সম্মেলন শেষে আজ (শনিবার) নগরীর এক মিলনায়তনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে নারীপক্ষ।
এসময় নারীপক্ষ সদস্য অ্যাডভোকেট কামরুন নাহার ও সামিয়া আফরীন বক্তব্য রাখেন।


১০ থেকে ১২ সেপ্টেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ বিভাগীয় সম্মেলনে বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার তৃণমূল নারী সংগঠন, জনপ্রতিনিধি, তরুণ নারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দসহ ১১০ জন অংশ নেয়। সংবাদ সম্মেলনে নারীপক্ষের সভানেত্রী কে. এ. জাহান রুমি এবং বিশিষ্ট মানবাধিকারকর্মী রাজিয়া সামাদ ডালিয়াসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
সম্মেলনের মূল লক্ষ্য ছিল নারী আন্দোলনের স্বতন্ত্র ধারা বিনির্মাণ, চলমান ধারাকে শক্তিশালী করা এবং এর বিস্তৃতি ঘটানো। এ লক্ষ্যে সম্মেলনে বিভিন্ন প্যানেল আলোচনা ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাঠামোগত পরিবর্তন, তৃণমূলভিত্তিক নারী আন্দোলন শক্তিশালীকরণ, আন্তঃপ্রজন্ম নেতৃত্বের বিকাশ, সহিংসতামুক্ত নারীর জীবন এবং নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


সম্মেলনে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় ও জেলা পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটি সক্রিয় করা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের কার্যকর ভূমিকা নিশ্চিত করা এবং তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়।


এছাড়া সামাজিক প্রথা, মূল্যবোধের নেতিবাচক দিক, ধর্মীয় গোড়ামি ও পুরুষতান্ত্রিক সামাজিক ব্যবস্থার কারণে নারীর অগ্রযাত্রায় সৃষ্ট বাধা নিয়েও আলোচনা হয়। নারীর প্রতি বৈষম্য দূর করতে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনের তৃতীয় দিনে ‘জীবনের অধিকার’ শীর্ষক অধিবেশনে মৌলিক অধিকার ও মানবাধিকারের মূলনীতি নিয়ে আলোচনা করা হয়। এ অধিবেশন মৃত্যুদণ্ড বিলোপের দাবির মধ্য দিয়ে শেষ হয়।


এদিকে নারী বিষয়ক সংস্কার কমিশনের ৪৩৩টি সুপারিশের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো নিয়েও সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়। 


সম্মেলনে ময়মনসিংহ বিভাগে নারী মুক্তির আন্দোলনকে সমন্বিতভাবে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিভাগীয় সম্মেলনের সমাপ্তি হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল