
(২ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১০:৩৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী থেকে জোহরপুর যাওয়ার পথে উত্তাল পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে ১০ জন ভেসে ভারতের ভূখণ্ডে গিয়ে উঠেছেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের উদ্ধার করেছে। এ ঘটনায় মোস্তফা হোসেন নামে আরও একজন নিখোঁজ রয়েছেন। অপর একজন সাঁতরে বাংলাদেশের অংশে উঠতে সক্ষম হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে নারী ও শিশুসহ মোট ১২ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান, বাখেরআলী থেকে জোহরপুর যাওয়ার সময় পদ্মা নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। এ সময় ১০ জন ভেসে ভারতীয় ভূখণ্ডের একটি এলাকায় গিয়ে ওঠেন। একজন সাঁতরে বাংলাদেশ অংশে উঠতে পারলেও মোস্তফা হোসেন নামে একজন এখনও নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর স্রোতে ভেসে যাওয়া ১০ বাংলাদেশি ভারতের মুর্শিদাবাদ জেলার খান্দুরা সীমান্ত এলাকায় পৌঁছান। সেখানে টহল স্পিডবোট নিয়ে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করেন। বর্তমানে তারা বিএসএফের হেফাজতে রয়েছেন।
এদিকে উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের ফেরত দিতে বিএসএফ আগ্রহ প্রকাশ করেছে। তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
এ ঘটনায় নিখোঁজ মোস্তফা হোসেনের সন্ধানে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।